প্রাথমিকের বদলিতে ৪ স্তরের কমিটি, নেতৃত্বে সচিব-ডিসি-ইউএনও

ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পদায়ন এবং বদলি কার্যক্রমে বড় পরিবর্তন এনেছে সরকার। এই কার্যক্রম পরিচালনার জন্য জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা/থানা পর্যায়ে গঠন করা হয়েছে চার স্তরের কমিটি। এসব কমিটির নেতৃত্বে থাকছেন সচিব-মহাপরিচালক-ডিসি ও ইউএনও।
আজ সোমবার গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. লাল হোসেন বলেছেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বদলি-পদায়নে কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত কমিটির সভাপতি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব থাকবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে বদলির আবেদন নিষ্পত্তি করবে এবং বিস্তারিত প্রতিবেদন মন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবে।
আন্তঃবিভাগ শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারকে সভাপতি করে গঠন করা হয়েছে বিভাগীয় কমিটি। পাঁচ সদস্যের এই কমিটিতে বিভাগীয় উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) এবং সভাপতির মনোনীত দুইজন ব্যক্তি সদস্য থাকবেন। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)। প্রতি মাসে অন্তত একবার সভা করে বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির ব্যবস্থা নেবে এ কমিটি।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, একই বিভাগের মধ্যে, তবে সিটি করপোরেশন এলাকার বাইরে সহকারী শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি হবে বিভাগীয় কমিটিতে। এ ক্ষেত্রে বদলির আদেশ জারি করবেন সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)।
এছাড়া জেলা পর্যায়ে শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি করে গঠন করা হয়েছে জেলা কমিটি। কমিটির সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা এবং সভাপতির মনোনীত দুইজন ব্যক্তি। আর সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে বদলির আবেদন নিষ্পত্তি করবে এবং সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন পাঠাবে বিভাগীয় উপপরিচালকের (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ে। নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের দায়িত্বও ন্যস্ত করা হয়েছে জেলা কমিটির ওপর। একই জেলার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন জেলা কমিটির অনুমোদনের ভিত্তিতে নিষ্পত্তি ও বদলির আদেশ জারি করবেন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপজেলা বা থানা পর্যায়ে শিক্ষকদের বদলি আবেদন নিষ্পত্তির জন্য উপজেলা বা থানা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে গঠন করা হয়েছে উপজেলা/থানা কমিটি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সভাপতির মনোনীত দুইজন ব্যক্তি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কমিটিতে। আর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির ব্যবস্থা নেবে এবং সভার কার্যবিবরণীসহ প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাবে। একই উপজেলা বা থানার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন কমিটির অনুমোদনের ভিত্তিতে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিষ্পত্তি করবেন এবং বদলির আদেশ জারি করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে শিক্ষকরা আগে ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ পেয়েছেন, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে শিক্ষক পদায়ন।






