ফের চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
শেকৃবি প্রতিনিধি

দুপুরে হাজারো শিক্ষার্থী জড়ো হয়ে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ করেন। ছবি: আগামীর সময়
রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ১২টার দিকে হাজারো শিক্ষার্থী জড়ো হয়ে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন। পরে মিছিল নিয়ে চীন-মৈত্রী সিগন্যালে অবস্থান নেন তারা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবরোধ কর্মসূচি থেকে গণপূর্ত অধিদপ্তরের কুশপুত্তলিকা দাহ করার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। কৃষি শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। মাঠ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।




