জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষকসহ কয়েকজনের বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বয়ান তৈরির অভিযোগ উঠেছে। এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
গতকাল শনিবার জাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
অভিযুক্ত তিন শিক্ষক হলেন— বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, দীর্ঘ দুঃশাসনের পর ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছেন।
এমন পরিস্থিতিতে ওই তিন শিক্ষকসহ কয়েকজনের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করে দলটির পক্ষে জনমত তৈরির দুরভিসন্ধি দেখা যাচ্ছে।



