ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের চার নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। ছবি: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধসংগঠন ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঢাবি প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে গেজেটবঞ্চিতরা অনশন শুরু করেন। অনশনকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
আটক হওয়া ছাত্রলীগ নেতারা হলেন— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হলের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকরাম গাজী হৃদয় এবং মুজিব হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ফেরদৌস।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেছেন, ঢাবি প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তারা ঘটনাস্থলে যান। আটক চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



