রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচার দাবি ডুজার

লোগো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার ডুজা সভাপতি মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে ডুজা নেতারা অবিলম্বে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার দ্রুত বিচার দাবি করেছেন।
বিবৃতিতে নেতারা বলেছেন, সাংবাদিকদের ওপর ছাত্রদলের এ হামলার পরও যদি এর বিচার ও জবাবদিহি নিশ্চিত না হয়, তাহলে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।
এর আগে, চলতি বছরের ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালেও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ সদস্য ছাত্রদলের হামলার শিকার হন।
এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি গঠন করে। কমিটি গঠনের পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিবেদন হয়নি। নেওয়া হয়নি দৃশ্যমান কোনো ব্যবস্থাও।
বিবৃতিতে তারা বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এ ধরনের বিচারহীনতা ও দীর্ঘসূত্রতা বিচারকে বিলম্বিত করার পাশাপাশি হামলা ভয়ভীতি ও পেশাগত কাজে বাধা দেওয়া মানে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি আরও বাড়ায়।
বিচারহীনতার এ দায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এর আগে, গত রবিবার রাতে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠে।
আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।



