ঢাবিতে ক্যাফেটেরিয়ায় ‘ফিমেল জোন’ স্থাপন

ঢাবিতে ক্যাফেটেরিয়ায় ‘ফিমেল জোন’ স্থাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য নতুন খাবারের মেন্যু চালু করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ উদ্বোধন করেছে ডাকসু।
আজ বৃহস্পতিবার ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদকের প্রচেষ্টা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নতুন মেন্যুতে সাদা ভাত, সবজি, ডাল ও মাংস রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া টিএসসি ক্যাফেটেরিয়ায় ছাত্রীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ চালু করা হয়েছে, যাতে তারা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে বসে খাবার গ্রহণ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, টিএসসির পরিচালক ফারজানা বাশার এবং ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা।
নতুন এই উদ্যোগে উচ্ছাস প্রকাশ করেছেন নারী শিক্ষার্থীরা। নতুন মেন্যু ও ফিমেল জোন চালুর মাধ্যমে টিএসসি ক্যাফেটেরিয়ার সেবার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা এর সুফল পাবেন বলে আশা প্রকাশ করছেন তারা।





