বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সংগৃহীত ছবি
কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ক্যাম্পাস। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যামিলি ডে ২০২৬’।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। কর্মক্ষেত্রের আনুষ্ঠানিকতার বাইরে সবাই মেতে ওঠেন বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজনে।
দিনব্যাপী আয়োজনে ছিল শর্টপিচ ক্রিকেট ম্যাচ, মিউজিক্যাল চেয়ার, পেনাল্টি শুট, হাঁড়ি ভাঙা ও ক্যারাম প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি আয়োজনই হয়ে ওঠে আনন্দ ও উচ্ছ্বাসের উপলক্ষ।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের সবার একটি পরিবার। একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শুধু একাডেমিক কার্যক্রম নয়, এর সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যামিলি ডে’র মতো আয়োজন আমাদের সেই পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে।’
তিনি আরও বলেন, ‘কর্মব্যস্ততার বাইরে আমরা যখন সবাই একসঙ্গে আনন্দ করি, তখন পারস্পরিক দূরত্ব কমে এবং সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতি বাড়ে। এর ইতিবাচক প্রভাব কর্মক্ষেত্রেও পড়ে। আমি আশা করি, আজকের এই আয়োজন আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ ইউনিভার্সিটির অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।’
ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। প্রতিযোগিতায় অনেকের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। সহকর্মীদের উৎসাহ ও করতালিতে বিভিন্ন সময় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
দিনব্যাপী এ আয়োজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। একই সঙ্গে কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও দলগত চেতনা জোরদারে ‘ফ্যামিলি ডে ২০২৬’ হয়ে ওঠে একটি আনন্দঘন ও স্মরণীয় আয়োজন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর, উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক (পিআর) সোহেল আহসান নিপু, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তারা।



