নতুন বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার তিন বড় কোম্পানি
- বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে হুন্দাই, হানওয়া ও স্যামসাং

সংগৃহীত ছবি
বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়ার তিন বড় কোম্পানি— হুন্দাই, হানওয়া ও স্যামসাং। দেশটির সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) আলোচনা শেষে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তও হয়েছে।
গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরকালে হুন্দাই গ্লোভিস, হানওয়া ওশান ও স্যামসাং ইলেকট্রনিকসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি হয়। এই গ্রুপ বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করবে। পাশাপাশি বিনিয়োগের সুযোগ, ব্যবসা সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির উপায় খুঁজবে।
বৈঠকে অর্থমন্ত্রী বলেছেন, প্রচলিত বস্ত্র ও তৈরি পোশাকনির্ভর অংশীদারত্বের বাইরে গিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল শিল্পে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জ্বালানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পণ্য পরিবহন ও অবকাঠামো খাতে দক্ষিণ কোরীয় বিনিয়োগের সুযোগ তুলে ধরেন তিনি।



