মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনা শুরু অক্টোবরে

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রথম দফার আলোচনা আগামী অক্টোবরের শেষদিকে ঢাকায় শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল ঢাকায় সফর করবে। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এর আগে তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল ফেস্টিভ্যাল বা মিহাজে অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্টল ঘুরে দেখেন। হাইকমিশনার কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে ব্যবসা ও বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন মিহাজের আয়োজক মালয়েশিয়ার সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থার উপপ্রধান নির্বাহী কর্মকর্তা জয় শংকর।
হাইকমিশনার মনজুরুল করিম খান বললেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ সইয়ের জন্য ২০২৭ সালের ডিসেম্বরকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী মাসের প্রথম দফার আলোচনা চুক্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। মালয়েশিয়ায় হালাল পণ্যের বাজার প্রসঙ্গে তিনি বললেন, বাংলাদেশের বেশ কিছু পণ্যকে মালয়েশিয়ার হালাল কর্তৃপক্ষ জাকিম হালাল সনদ দিয়েছে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনকে হালাল সনদ দেওয়ার স্বীকৃতি দিয়েছে। তবে স্বীকৃতিই যথেষ্ট নয়। ইসলামিক ফাউন্ডেশনকে কারিগরি দক্ষতা অর্জন করতে হবে।
গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই দেশের নেতারা এফটিএ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন। যৌথ বিবৃতিতে ২০২৭ সালের মধ্যে একটি ব্যাপক ও ভবিষ্যৎমুখী এফটিএ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়। মালয়েশিয়ার সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থার মতে, এফটিএর মাধ্যমে অংশীদার দেশগুলো পরস্পরের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পায়।



