যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, খরচ কত?

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উন্নতমানের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল। তবে আপাতত ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর এর শর্তাবলি ও অন্যান্য বিষয় জনসম্মুখে তুলে ধরা হবে। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের মাত্র তিনদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দায়িত্ব ছাড়ার আগেই নিজের সম্পদের বিবরণী জমা দেওয়ার কথাও জানান শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি, বাড়ি কোনো কিছুই নেইনি। ক্ষমতার অপব্যবহারও করেনি। আমার সম্পদের বিবরণী তৈরি হয়েছে। দায়িত্ব ছাড়ার আগেই আমার সম্পদের বিবরণী জমা দিয়ে দেব।
তিনি আরো বলেন, আইন মেনেই বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছি। আমার আগেও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি ২৩তম চেয়ারম্যান। আমিই একমাত্র চেয়ারম্যান না।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখতে এবং সম্পর্ক আরো জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা।



