বাণিজ্যমন্ত্রী
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার

সংগৃহীত ছবি
সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। একই সঙ্গে চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম-২০২৬ ও সিবিআই হোম টেক্সটাইল এবং লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, সরকার এখন এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।



