বিমা খাতে মুনাফার জোয়ার, ৮৮ শাতাংশ কোম্পানির ইপিএসে প্রবৃদ্ধি

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি বীমা কোম্পানির চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৭টি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, যা মোট প্রকাশিত কোম্পানির ৮৭ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে, মাত্র একটি কোম্পানির মুনাফা কমেছে।
আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ১২১ শতাংশ মুনাফা বেড়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের ৬৭ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৪৮ পয়সায় উন্নীত হয়েছে।
এর পরেই রয়েছে তাকাফুল ইন্স্যুরেন্স। কোম্পানিটির ইপিএস ৭৪ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৩৮ পয়সায় দাঁড়িয়েছে, যা ৮৬ শতাংশ প্রবৃদ্ধি।
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইপিএস ২ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১ পয়সা হয়েছে, যা ৪৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। এ ছাড়া সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস ১২ শতাংশ বেড়ে ৯২ পয়সা থেকে ১ টাকা ৩ পয়সা এবং প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস ১২ শতাংশ বেড়ে ১ টাকা ১৬ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সায় পৌঁছেছে।
ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইপিএস ১ টাকা ১৪ পয়সা থেকে বেড়ে ১ টাকা ২৩ পয়সা হয়েছে, যা ৮ শতাংশ প্রবৃদ্ধি। অন্যদিকে রূপালী ইন্স্যুরেন্সের ইপিএস সামান্য বেড়ে ৭০ পয়সা থেকে ৭১ পয়সায় দাঁড়িয়েছে, যা ১ শতাংশ বৃদ্ধি।
তবে প্রকাশিত কোম্পানিগুলোর মধ্যে একমাত্র সোনারবাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের ৮৯ পয়সা থেকে কমে ৫২ পয়সায় নেমে এসেছে, যা ৪২ শতাংশ হ্রাস পেয়েছে।
সার্বিকভাবে অর্ধবার্ষিক আর্থিক ফলাফলে দেখা গেছে, তালিকাভুক্ত বীমা খাতের অধিকাংশ কোম্পানিই চলতি বছরের প্রথম ছয় মাসে মুনাফা বৃদ্ধির ধারায় রয়েছে।




