মাসুদ খানের নামে ভুয়া ফটোকার্ড, বিএসইসির সতর্কবার্তা

শেয়ারবাজারের দরপতন নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে ওই ফটোকার্ডে থাকা বক্তব্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি বলে স্পষ্ট করেছে কমিশন।
আজ রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিনিয়োগকারী ও সাধারণ মানুষকে সতর্ক করেছে বিএসইসি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বক্তব্য, ফটোকার্ড বা তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজারের দরপতন নিয়ে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে, যাতে থাকা বক্তব্য সঠিক নয়। চেয়ারম্যান এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে স্পষ্ট করেছে কমিশন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বক্তব্য, ফটোকার্ড বা তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার জন্য জনসাধারণ ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিএসইসির মতে, গুজব, অসত্য, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য পুঁজিবাজার সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই চেয়ারম্যানসহ কমিশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কোনো বক্তব্য বা তথ্য প্রচারের আগে এর সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা প্রয়োজন।
শেয়ারবাজারের স্বাভাবিক কার্যক্রম, স্থিতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সবার দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা কামনা করেছে কমিশন।



