সংস্কারে সম্ভাবনা শেয়ারবাজারে
- অর্থনৈতিক চাপ সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থানে বাংলাদেশ
- ভালো কোম্পানির তালিকাভুক্তি ও সুশাসন প্রতিষ্ঠা বড় চ্যালেঞ্জ
- শেয়ারবাজারে আস্থার পরিবেশ তৈরি হয়েছে

দেশের শেয়ারবাজারে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল সুশাসন ও বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটাতে সংস্কার কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইন ও বিধিমালার পরিবর্তন, তালিকাভুক্তির প্রক্রিয়ায় কঠোরতা, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে শেয়ারবাজারে। অর্থনৈতিক চাপ ও নানা প্রতিকূলতার মধ্যেও চলতি বছর দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় দেশের শেয়ারবাজারের সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে সেই সম্ভাবনার।
তবে এই অগ্রগতি ধরে রাখতে শুধু সংস্কারের ঘোষণা নয়, প্রয়োজন তার কার্যকর বাস্তবায়ন। ভালো মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তি, সরকারি প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্তি, বাজার মধ্যস্থতাকারীদের জবাবদিহি এবং বিনিয়োগকারীদের আস্থা স্থায়ীভাবে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। সংস্কার উদ্যোগগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজার অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, দক্ষিণ এশিয়ার তুলনায় বাংলাদেশের শেয়ারবাজারের ইতিবাচক অবস্থান ধরে রাখতে হলে শুধু সূচকের উন্নতি যথেষ্ট নয়। ভালো কোম্পানির তালিকাভুক্তি, সরকারি প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আনা, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজার মধ্যস্থতাকারীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংস্কার কার্যক্রমের দৃশ্যমান বাস্তবায়ন ও নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়ানো গেলে শেয়ারবাজারে নতুন সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে।
বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের মধ্যে শেয়ারবাজারের প্রধান সূচকের প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ দশমিক ১৬ শতাংশ। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সূচকটি ছিল ৪ হাজার ৮৬৫ দশমিক ৩৪ পয়েন্টে। চলতি বছরের ১৯ নভেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। একই সময়ে পাকিস্তানের কেএসই-১০০ সূচক বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। নেপালের নেপসে সূচক বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ। বিপরীতে ভারতের নিফটি ৫০ সূচক ১ দশমিক ৬৪ শতাংশ এবং শ্রীলঙ্কার এএসপিআই সূচক ৪ দশমিক ১৭ শতাংশ কমেছে।
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান আগামীর সময়কে বলেছেন, অর্থনৈতিক চাপের মধ্যে চলতি বছর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শেয়ারবাজার ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে দেশের শেয়ারবাজার মূলধন ও জিডিপির অনুপাত প্রায় ৬ শতাংশ, যেখানে ভারতের ক্ষেত্রে তা প্রায় ১৪০ শতাংশ। এ ব্যবধান কমাতে ভালো মৌলভিত্তির বড় কোম্পানিকে বাজারে আনতে হবে। পাশাপাশি পাবলিক ইস্যু, মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ ব্যবস্থার সংস্কার কার্যকর করতে হবে। মিউচুয়াল ফান্ডের আকার বাড়ানো এবং গবেষণাভিত্তিক বিনিয়োগ নিশ্চিত করা গেলে বাজারে ব্যক্তিনির্ভর ও গুজবভিত্তিক লেনদেনের প্রবণতা কমবে। এসব উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে আগামী দুই-তিন বছরে বাজারে গুণগত পরিবর্তন আসতে পারে।
তথ্য বলছে, নতুন সরকার গঠনের পর ৪ জুন ২০২৬ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন মাসুদ খান। এরপর শেয়ারবাজারের নিয়ন্ত্রক কাঠামো আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন ও বিধিমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ বাংলায় রূপান্তর এবং ১৯৯৩ সালের বিএসইসি আইনের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। এটি পরবর্তী কার্যক্রমের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছে তিন বছর বা তার বেশি সময় ধরে পড়ে থাকা দাবিহীন এবং অবণ্টিত নগদ ও স্টক লভ্যাংশ, রাইট শেয়ার এবং আইপিওর অর্থ সংরক্ষণ ও নিষ্পত্তিতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে।
এরই মধ্যে মার্জিন ঋণ ব্যবস্থাপনা সহজ করতে মার্জিন বিধিমালা, ২০২৫ সংশোধন এবং সরাসরি সিকিউরিটিজ তালিকাভুক্তির সুযোগ তৈরি করতে ডাইরেক্ট লিস্টিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। ডেট সিকিউরিটিজ বিধিমালা, ২০২১ সংশোধন করে গ্রিন বন্ড ও সাসটেইনেবল বন্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে নতুন পাবলিক ইস্যু ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের কাজ চলছে। কোম্পানির পুনর্গঠনে করপোরেট রিস্ট্রাকচারিং বিধিমালা, ২০২৬, নিরীক্ষা প্রতিষ্ঠানের তালিকাভুক্তিতে নতুন নির্দেশিকা এবং করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পদভিত্তিক সিকিউরিটিজ বিধিমালা সংশোধনের কাজও চলছে।
এ ছাড়া বাজারের কার্যক্রম সহজ করতে বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার, লেনদেনে বাজার নিয়ন্ত্রণমূলক প্যারামিটার আরোপ এবং নির্দিষ্ট কিছু বিও হিসাবের নিষেধাজ্ঞা শিথিল করে লেনদেনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি মিউচুয়াল ফান্ডের আয় বণ্টন, কাস্টডিয়ান নিয়োগ, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগকারীদের পৃথক বিপিআইডি এবং ডেট সিকিউরিটিজের মূল বাজারে তালিকাভুক্তির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, বর্তমান কমিশনের উদ্যোগে বাজারে সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। বড় ও ছোট উভয় ধরনের বাজার মধ্যস্থতাকারীর বিরুদ্ধে তদন্ত এবং মানহীন কোম্পানির তালিকাভুক্তি ঠেকাতে যাচাই-বাছাই বাড়ানো হয়েছে। এরই মধ্যে ছয়টি আইপিও আবেদন জমা পড়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানের কোম্পানির শেয়ারবাজারে আনা এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মূলধনি মুনাফার ওপর কর ও টাকার অবমূল্যায়নজনিত প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন মনে করেন, শেয়ারবাজারে সংস্কার উদ্যোগগুলোর সুনির্দিষ্ট রোডম্যাপ ও বাস্তবায়নের সময়সীমা প্রকাশ করা জরুরি। সরকারের নীতিগত সহায়তা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং বিএসইসির কার্যকর নেতৃত্ব ছাড়া বাজারে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। শুধু উদ্যোগ ঘোষণা বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। সরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্তি, কোম্পানির তথ্য প্রকাশে স্বচ্ছতার নিশ্চয়তা, লেনদেন নিষ্পত্তির সময় কমানো এবং প্রযুক্তিগত উন্নয়নের মতো দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
এদিকে, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বললেন, কমিশন শেয়ারবাজারকে আরও বিনিয়োগ ও ব্যবহারবান্ধব করতে কাজ করছে। কমিশন চেষ্টা করছে বিনিয়োগকারী ও শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ব্যবহারিক জটিলতা দূর করার। কমিশনের বিভিন্ন উদ্যোগের ফলে শেয়ারবাজারে আস্থার পরিবেশ তৈরি হয়েছে।



