অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করবে ইসলামী ব্যাংক

লোগো
অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে ব্যাংকটির সংঘস্মারক ও সংঘবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মূলধন বাড়ানোর এ প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে হবে।
গতকাল বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির প্রকাশিত তথ্য মতে, বর্তমানে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন রয়েছে ২ হাজার কোটি টাকা। এটি বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার প্রস্তাব করেছে পরিচালনা পর্ষদ। অর্থাৎ ব্যাংকটির অনুমোদিত মূলধন ৮ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ব্যাংকটির মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন বা সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তবে প্রস্তাবটি কার্যকর করার আগে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র নিতে হবে।
এ ছাড়া প্রস্তাবটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়ার পরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি সাপেক্ষে অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হবে।



