তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, এগিয়ে সাবমেরিন কেবল

লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল, বিকন ফার্মাসিউটিক্যালস ও সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল ৪৭.৫০ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালস ১১ শতাংশ এবং সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সাবমেরিন কেবল : কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০২ টাকা ৩৯ পয়সা। লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
এর আগের ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৯ টাকা ৯৩ পয়সা।
বিকন ফার্মাসিউটিক্যালস : কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি ৮ টাকা ৪১ পয়সা মুনাফা করেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩৫ টাকা ৮৩ পয়সা। লভ্যাংশসহ অন্যান্য বিষয় অনুমোদনের জন্য আগামী ১৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
এর আগের অর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ওই বছর শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৪ টাকা ১০ পয়সা।
সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি ৭৫ পয়সা মুনাফা করেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৭ টাকা ২ পয়সা। লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
এর আগের ২০২৪-২৫ অর্থবছরেও কোম্পানিটি ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৫৮ পয়সা।



