তিন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হবে ডরিন পাওয়ার

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের সহযোগী তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তিনটি হলো- চাঁদপুর পাওয়ার জেনারেশনস লিমিটেড, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড ও ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (৭ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় একীভূতকরণের (মার্জার) প্রস্তাবিত স্কিম অনুমোদন করা হয়। এই একীভূতকরণ ১৯৯৪ সালের কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে সম্পন্ন করা হবে।
তবে প্রস্তাবিত এই একীভূতকরণ কার্যকর হতে হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার ও ঋণদাতাদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত অধিগ্রহণ প্রক্রিয়ায় চাঁদপুর পাওয়ার জেনারেশনস লিমিটেড, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড ও ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের সংখ্যালঘু শেয়ারহোল্ডাররের সঙ্গে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের কোনো শেয়ার বিনিময় হবে না। নগদ অর্থের মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্থাৎ, সহযোগী প্রতিষ্ঠানগুলোর সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের নগদ অর্থ পরিশোধ করা হবে এবং তাদের সঙ্গে কোনো শেয়ার বিনিময় করা হবে না। এর ফলে ডোরিন পাওয়ারের বিদ্যমান শেয়ারহোল্ডিং কাঠামো অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কোম্পানিটির পরিশোধিত মূলধন ও শেয়ার সংখ্যা বাড়বে না।
এই একীভূতকরণের মূল উদ্দেশ্য হলো সব কার্যক্রম ও অপারেটিং সম্পদ একটি একক প্রতিষ্ঠানের আওতায় এনে আরও দক্ষ, টেকসই ও সুসংগঠিত ব্যবসায়িক কাঠামো গড়ে তোলা। এর মাধ্যমে পরিচালন দক্ষতা বৃদ্ধি, ব্যবস্থাপনায় তদারকি জোরদার, প্রশাসনিক ও কমপ্লায়েন্স ব্যয় হ্রাস পাবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ। এছাড়া, বিদ্যমান শেয়ার কাঠামো অপরিবর্তিত রেখে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে এই একীভূতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ডোরিন পাওয়ার।




