সাড়ে ৯ হাজার বর্গফুটের অফিস বিক্রি করছে নিটল ইন্স্যুরেন্স

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ। একই সঙ্গে চট্টগ্রামের জিইসি মোড়ের একটি বাণিজ্যিক ভবনে থাকা নিজেদের অফিস বিক্রির উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। প্রস্তাবিত বিক্রয়মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৫০ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে নিটল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ টাকা ১ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৫ পয়সা বা প্রায় ৩৫ শতাংশ।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৩৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২৩ পয়সা বা প্রায় ৬৮ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৬ পয়সা।
এদিকে, চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনুসকো সিটি সেন্টারের দশম তলায় অবস্থিত ৯ হাজার ৪৫২ বর্গফুটের অফিস বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে নিটল ইন্স্যুরেন্স। এ সম্পত্তির সম্ভাব্য ক্রেতা হিসেবে জি কে নেটওয়ার্কের নাম জানিয়েছে কোম্পানিটি। প্রস্তাবিত বিক্রয়মূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা।
কোম্পানির তথ্য অনুযায়ী, এ বিষয়ে বিক্রয় চুক্তি হয়েছে এবং ২০২৭ সালের জানুয়ারিতে লেনদেন সম্পন্ন হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।



