করপোরেট মালিকানায় শ্রমিকদের অংশীদারত্ব প্রয়োজন

সংগৃহীত ছবি
দেশে সম্পদের মালিকানা আরও বিস্তৃত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। করপোরেট খাতের মালিকানায় শ্রমিকদেরও অংশীদারত্ব থাকা প্রয়োজন। একই সঙ্গে সমাজের আরও বিস্তৃত মানুষের মালিকানার সুযোগ সৃষ্টি করতে হবে। তা না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা অল্পসংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূতই থাকবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সৈয়দ হুমায়ুন কবীর স্মৃতি গবেষণা সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী পর্বে এসব কথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। বাঙলার পাঠশালা ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
রেহমান সোবহান বলেছেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) নামে শুধু লোকদেখানো কার্যক্রম যথেষ্ট নয়। প্রতিষ্ঠানের শেয়ার বা মালিকানার একটি অংশ জনকল্যাণমূলক কাজের জন্য একটি ফাউন্ডেশনের কাছে দেওয়া যেতে পারে। এতে স্থায়ী ও টেকসই অর্থের উৎস তৈরি হবে। পাশাপাশি সবার জন্য মানসম্মত ও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি।
সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মানিত অধ্যাপক কৌশিক বসু বললেন, সমাজের মুষ্টিমেয় মানুষের হাতে বিপুল সম্পদ জমা হচ্ছে। বৈষম্য অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে। এই অবস্থায় নীতিগত বিকল্প কী হতে পারে, তা নিয়ে নতুন করে চিন্তা করা দরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় প্রচলিত শ্রমের চাহিদা কমছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনসংখ্যার বড় অংশ শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ফলে এ পরিস্থিতি সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে সংবিধান প্রণেতা ও রাজনীতিবিদ ড. কামাল হোসেন বলেছেন, রেনাটা ৫১ শতাংশ শেয়ার সাজেদা ফাউন্ডেশনকে দান করেছে। এ ধরনের ঘটনা নজিরবিহীন। এটি শুধু দান নয়, সামাজিক দায়িত্ববোধ থেকে নেওয়া একটি উদ্যোগ। রেনাটা ও সাজেদা ফাউন্ডেশন— দুটিই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং উভয় প্রতিষ্ঠানের সুশাসন রয়েছে।
এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সৈয়দ হুমায়ুন কবীর মানুষের কল্যাণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করেছেন। বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজন এখনো রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিডির বোর্ড অব ট্রাস্টির সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ফিরদৌসী কাদরী প্রমুখ।



