তিন দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

সংগৃহীত ছবি
টানা তিন দফা কমানোর একদিন না যেতেই দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে।
মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গতকাল সোমবার একদিনেই তিন দফা সোনার দাম কমানো হয়। প্রথম দফায় ১ হাজার ৯২৫ টাকা, দ্বিতীয় দফায় ৬ হাজার ৫৯০ টাকা এবং তৃতীয় দফায় ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। ফলে একদিনে মোট ১৩ হাজার ৯৩৯ টাকা কমে ভালো মানের এক ভরি সোনার দাম নেমে আসে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়। ওই দামেই মঙ্গলবার সকাল ১০টা ২৮ মিনিট পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।
সোনার নতুন দাম
২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫ হাজার ১৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।



