আইবিএফবির সভায় হোসেন জিল্লুর
দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক হয়রানি অগ্রগতির বড় বাধা

সংগৃহীত ছবি
দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে। কর দিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আগ্রহ থাকলেও সরকারি বিভিন্ন দপ্তরের হয়রানি ও জটিলতায় করের আওতা বাড়ানো যাচ্ছে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ী, নাগরিক সমাজ ও তৃণমূল পর্যায় থেকে সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে কনফারেন্স স্পিকার ছিলেন হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের মানুষের মধ্যে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা ও উদ্যোগ নেওয়ার প্রবণতা বাড়ছে। বস্তিবাসী, মধ্যবিত্ত, তরুণ, নারী, কৃষক ও শ্রমিক—সব শ্রেণির মানুষের মধ্যেই নতুন কিছু করার আকাঙ্ক্ষা রয়েছে। নিজেদের পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে মানুষ এগিয়ে যেতে চাইলেও রাষ্ট্র, রাজনীতি ও সমাজের প্রভাবশালী মহল তাদের সেই প্রচেষ্টাকে যথাযথভাবে মূল্যায়ন করছে না।
তিনি বলেন, গণমাধ্যমে প্রতিদিন নেতিবাচক খবর বেশি গুরুত্ব পাচ্ছে। দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, এটি বাস্তবতা। তবে শুধু সংকট ও সমস্যার চিত্র তুলে ধরলে চলবে না। দেশের ভেতরে থাকা সক্ষমতা, সম্পদ ও সম্ভাবনাও চিহ্নিত করতে হবে। বিশেষ করে উদ্ভাবনী চিন্তাসম্পন্ন তরুণদের কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
আগামী পাঁচ বছরে বাংলাদেশকে কোথায় দেখতে চান, তা নিয়েও এখন থেকেই ভাবার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, দেশের শিল্প, কৃষি, নগরজীবন ও তরুণ জনগোষ্ঠীর মধ্যে নতুন উদ্যোগ গ্রহণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দেশের ইতিবাচক পরিবর্তনে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে বিদেশি পুঁজি ও বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তিতে (এআরটি) শুল্কব্যবস্থায় স্বচ্ছতা, ব্যবসায়িক নিয়মকানুন সহজ করা, নীতিগত সিদ্ধান্তে স্থিতিশীলতা ও আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
তিনি জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সংস্থাটি জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিভিন্ন ধরনের অর্থায়ন করে থাকে। এর মধ্যে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অর্থায়ন রয়েছে। তবে এ সুবিধা পেতে প্রকল্পের বাণিজ্যিক সম্ভাব্যতা ও লাভজনকতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে ইতিমধ্যে কার্যক্রম পরিচালনা করা মার্কিন কোম্পানিগুলোর উদাহরণ দিয়ে রাষ্ট্রদূত বলেন, শেভরন দেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করছে। এক্সিলারেট দুটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট পরিচালনা করছে। পাশাপাশি জিই ভারনোভা বাংলাদেশের বিদ্যুৎ খাতে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি আরও মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী।
আইবিএফবির সভাপতি সৌদিয়া খান বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যক্রম আরও কার্যকর করা এবং ওয়ান-স্টপ সার্ভিস আইন বাস্তবায়ন জরুরি। বিশেষ করে নির্মাণ অনুমোদন, সরকারি দপ্তর থেকে সেবা নেওয়া এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে হবে।
তিনি জানান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আইবিএফবি বিভিন্ন আলোচনা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। সংগঠনটির একজন সদস্য ইতিমধ্যে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
ডিএফসির অর্থায়ন বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে উল্লেখ করে সৌদিয়া খান বলেন, বাংলাদেশি ও মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে আইবিএফবি ভূমিকা রাখতে পারে। তবে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে তিনিও বিভিন্ন নীতিগত জটিলতার মুখোমুখি হয়েছেন। বিনিয়োগ বাড়াতে নীতিমালায় স্বচ্ছতা, ন্যায্যতা ও সহজতা নিশ্চিত করা প্রয়োজন।



