‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক

২০২৯ সালের মধ্যে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংকে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে কৌশলগত রূপান্তর রোডম্যাপ ‘ভিশন ২০২৯’ উন্মোচন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বৃহস্পতিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র নির্বাহী ও কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ উন্মোচন করেন।
অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, ২০২৯ সালের মধ্যে কমিউনিটি ব্যাংককে দেশের অন্যতম বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংকে রূপান্তর করাই তাদের লক্ষ্য। এই রূপান্তর শুধু ডিজিটাল ব্যাংকিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। উন্নত গ্রাহকসেবা, শক্তিশালী করপোরেট সুশাসন, উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং সব অংশীজনের জন্য টেকসই মূল্য সৃষ্টির মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ব্যাংকটি জানায়, আগামী তিন বছরের কার্যক্রমকে সামনে রেখে রূপান্তর রোডম্যাপে ১১টি কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাহককেন্দ্রিক ও বিশ্বস্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করা, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা, ক্যাশলেস ব্যাংকিং সম্প্রসারণ, করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, সম্পদের গুণগত মান উন্নয়ন, টেকসই মুনাফা অর্জন, এসএমই, রিটেইল, করপোরেট ও ট্রানজেকশন ব্যাংকিংয়ে ব্যবসা সম্প্রসারণ, স্মার্ট ডিজিটাল শাখা চালু, প্রযুক্তিনির্ভর অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, পরিবেশ, সামাজিক ও সুশাসনভিত্তিক (ইএসজি) ব্যাংকিং কার্যক্রম জোরদার, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি।
ব্যাংকটির মতে, এই রোডম্যাপ আধুনিক ও প্রযুক্তিনির্ভর আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উদ্ভাবন, সক্ষমতা, অপারেশনাল উৎকর্ষ এবং গ্রাহকের আস্থাকে ভিত্তি করে একটি শক্তিশালী ও টেকসই ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই এর লক্ষ্য।
কমিউনিটি ব্যাংক আরও জানিয়েছে, এই কৌশলগত রূপান্তর বাস্তবায়নের মাধ্যমে তারা শীর্ষস্থানীয় ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অবস্থান আরও শক্তিশালী করতে চায়। একই সঙ্গে নিরাপদ, নির্বিঘ্ন ও ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল সক্ষম অর্থনীতি গড়ে তোলার জাতীয় লক্ষ্য অর্জনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাংকটি।




