এক যুগের বেশি সময়ের পথচলা
পর্যটন ও রিসোর্ট বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন ছুটি গ্রুপের

ছুটি রিসোর্ট পুর্বাচল
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে গত এক যুগে ধারাবাহিক উদ্ভাবন ও আধুনিক সেবার মাধ্যমে নতুন মানদণ্ড তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান ‘ছুটি গ্রুপ’। ২০১২ সালে গাজীপুরের সুকুন্দীতে মাত্র একটি রিসোর্ট নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের পর্যটন, রিসোর্ট পরিচালনা এবং আতিথেয়তা-ভিত্তিক বিনিয়োগ খাতে একটি শক্তিশালী ও বহুমাত্রিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘ছুটি’ থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই প্রকৃতি, অবকাশ ও আধুনিক সেবার সমন্বয় ঘটিয়ে আসছে। বর্তমানে গ্রুপটির আওতায় পরিচালিত হচ্ছে ‘ছুটি রিসোর্ট গাজীপুর’, ‘ছুটি রিসোর্ট পূর্বাচল’, ‘ছুটি রিসোর্ট পুবাইল’ এবং শমশেরনগরের ‘ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট’। এছাড়া ‘ছুটি হারমোনি’, ‘ছুটি বিচ রিসোর্ট’, ‘সালতানাত টি রিসোর্ট’, ‘সালতানাত হাইওয়ে ভিলেজ’ এবং ‘আনন্দবাড়ি বাই ছুটি’সহ একাধিক আন্তর্জাতিক মানের প্রকল্প বর্তমানে নির্মাণাধীন রয়েছে।
প্রতিষ্ঠানের তথ্য মতে, বর্তমানে ছুটি গ্রুপের পরিচালনায় ১৫১টিরও বেশি রুম ও কটেজ রয়েছে, যেখানে ইতোমধ্যে ২২ লাখেরও বেশি দেশি-বিদেশি অতিথি সেবা গ্রহণ করেছেন। পারিবারিক অবকাশ, করপোরেট রিট্রিট, সম্মেলন, বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে শুরু করে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য এসব রিসোর্ট অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। এসব কেন্দ্রে শিশুদের বিনোদন এলাকা, সুইমিং পুল, বোটিং, কায়াকিং, সাইক্লিং, ঘোড়ায় চড়া ও মাছ ধরার মতো বৈচিত্র্যময় সুবিধাও রয়েছে।
রিসোর্ট পরিচালনার পাশাপাশি বাংলাদেশে ‘রিসোর্ট ইনভেস্টমেন্ট’ বা রিসোর্টে বিনিয়োগের ধারণাকে নতুন মাত্রায় নিয়ে গেছে প্রতিষ্ঠানটি। বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি সম্পদ গঠন ও নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টিতে একাধিক উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন করছে তারা। এর মধ্যে ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন পাঁচতারকা মানের রিসোর্ট ‘ছুটি হারমোনি’ অন্যতম, যেখানে বিনিয়োগকারীদের জন্য থাকছে ইউনিট মালিকানা, ভাড়া থেকে আয় এবং বিশেষ ভিআইপি সদস্যপদ সুবিধা। অন্যদিকে কক্সবাজারের ইনানীতে ‘ছুটি বিচ রিসোর্ট’ এবং মৌলভীবাজারের চা-বাগানঘেরা পরিবেশে ‘সালতানাত টি রিসোর্ট’ গড়ে তোলা হচ্ছে।
পাশাপাশি দূরপাল্লার ভ্রমণকারীদের সেবায় ‘সালতানাত হাইওয়ে ভিলেজ’ এবং প্রবীণ নাগরিকদের সম্মানজনক আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘আনন্দবাড়ি বাই ছুটি’ নামক একটি বিশেষায়িত সিনিয়র লিভিং কমিউনিটি গড়ে তুলছে প্রতিষ্ঠানটি।
ব্যবসায়িক সম্প্রসারণের অংশ হিসেবে ২০০টিরও বেশি ব্যাংক, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান ও ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি (এমওইউ) সই করেছে ছুটি গ্রুপ। একইসঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে তারা।
পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উদ্ভাবনী বিনিয়োগ মডেল ও আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে ছুটি গ্রুপ দেশের পর্যটন অর্থনীতি, কর্মসংস্থান ও টেকসই বিনিয়োগের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



