হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন রাকিবুল হক

ড. মো. রাকিবুল হক
হায়ার অ্যাডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক।
আজ সোমবার আগারগাঁওয়ে কপিরাইট অফিস ভবনে হিট প্রকল্পের কার্যালয়ে বিদায়ী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, হিট প্রকল্পের চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মুখলেছুর রহমান প্রমুখ।
এর আগে গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. রাকিবুল হককে প্রেষণে এ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে অধ্যাপক ড. আসাদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ইউজিসি জানিয়েছে, উচ্চশিক্ষা খাতের রূপান্তরের লক্ষ্যে নেওয়া হয়েছে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্প। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর ৫০ দশমিক ৯৬ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার এবং ৪৯ দশমিক ৪ শতাংশ দেবে বিশ্বব্যাংক।



