গ্রামীণফোন একাডেমির এআই বুটক্যাম্প

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণ প্রজন্মকে বাস্তবমুখী ও ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় সমৃদ্ধ করতে পদক্ষেপ নিয়েছে গ্রামীণফোনের বিনামূল্যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘গ্রামীণফোন একাডেমি’। উদীয়মান উদ্ভাবকদের একত্র করে তাদের আইডিয়াগুলো এআইচালিত ডিজিটাল সল্যুশনে রূপান্তর করতে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে
‘এআই বুটক্যাম্প’।
গত সপ্তাহে জিপিহাউজে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ চূড়ান্ত পিচিং এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
গ্রামীণফোনের ‘এআই অ্যান্ড আই’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং একাডেমির বৃহত্তর এআই মিশনের আওতায় এই বুটক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৮০ জন নির্বাচিত অংশগ্রহণকারীকে হাতে-কলমে শেখানো এবং পণ্য উদ্ভাবনের সুযোগ করে দেওয়া হয়। অংশগ্রহণকারীদের শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করতে গ্রামীণফোন একাডেমি একটি ‘নো-কোড এআই ওয়েব ডেভেলপমেন্ট কম্পিটিশন’-এর আয়োজন করে। যেখানে আগের কোনো প্রোগ্রামিং অভিজ্ঞতা ছাড়াই শুধু এআই প্রম্পট ব্যবহার করে কার্যকর ওয়েবসাইট তৈরির চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের।
বুটক্যাম্পের শেষ ধাপে অনুষ্ঠিত পিচিং ইভেন্টে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবিত সমাধানগুলো উপস্থাপন করেন। এর মধ্য থেকে সেরা তিনটি প্রজেক্টকে বিজয়ী ঘোষণা করা হয়—
প্রথম স্থান: ‘ট্রেজেক্টরি’ প্ল্যাটফর্ম। এটি একটি এআইচালিত প্ল্যাটফর্ম, যা রিয়েল টাইমে দক্ষতা ও সিভি মূল্যায়ন করে প্রত্যেক ব্যক্তির আলাদা প্রয়োজন অনুযায়ী ক্যারিয়ার পরামর্শ, প্রশিক্ষণের সুপারিশ এবং ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে ধারণা দেয়।
প্রথম রানার্সআপ: ‘মাইজিপি কেয়ার’ প্ল্যাটফর্ম। স্মার্ট কেয়ার নেভিগেশনের মাধ্যমে ব্যবহারকারীদের বিশ্বস্ত চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত করার একটি এআইচালিত হেলথকেয়ার হাব এটি।
দ্বিতীয় রানার্সআপ: ‘প্রজেক্ট লাইফলাইন’ প্ল্যাটফর্ম। জরুরি পরিস্থিতিতে ব্যবহারকারীরা যেন নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে ও কার্যকরভাবে সাড়া দিতে পারেন, সেজন্য এআই প্রযুক্তির সহায়তায় ব্যক্তিগত সুরক্ষা ও জরুরি মুহূর্তের প্রস্তুতিমূলক প্ল্যাটফর্ম এটি।
বিজয়ী তিনটি দলই পুরস্কার হিসেবে এক বছরের জন্য বিনামূল্যে প্রিমিয়াম এআই টুলস ব্যবহার করার সুযোগ পাবে। পাশাপাশি তাদের আইডিয়াগুলো কর্মসংস্থানের উপযোগী বাস্তবসম্মত সল্যুশনে রূপান্তর করতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ এবং হেড অব এনভায়রনমেন্ট সোশ্যাল গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলামসহ কোম্পানির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা, প্রশিক্ষক ও গ্রামীণফোন একাডেমির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



