প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেলসম্যানশিপ প্রশিক্ষণ কর্মশালা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্রন্ট অফিস, অ্যাডমিশন ও আউটরিচ বিভাগের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘Salesmanship Technique for the Front Office Executives of Presidency University’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক উন্নয়ন, ভর্তি ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীসেবার উৎকর্ষতা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকেন্দ্রিক সেবার গুরুত্ব তুলে ধরে দক্ষ, আন্তরিক ও পেশাদার ফ্রন্ট অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার মূল বক্তা ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. জে. আলী। তিনি আধুনিক সেলসম্যানশিপ, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম), কার্যকর যোগাযোগ কৌশল এবং শিক্ষার্থী ভর্তি ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও করণীয় বিষয় তুলে ধরেন।
কর্মশালার সমন্বয়ক ছিলেন অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান মো. জাহিদ হাসান। তিনি উল্লেখ করেন, প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা খাতে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জনের জন্য দক্ষ যোগাযোগ, পেশাদার সেবা এবং সঠিক তথ্য প্রদানের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অংশগ্রহণকারীরা শিক্ষার্থীসেবার গুণগত মান উন্নয়ন, ভর্তি কার্যক্রমে পেশাদারত্ব বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ, কর্মশালা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




