ওপেক ফান্ডের সঙ্গে প্রাইম ব্যাংকের মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সংগৃহীত ছবি
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), কৃষি এবং করপোরেট খাতে বাণিজ্য অর্থায়ন আরও শক্তিশালী করতে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সঙ্গে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্প্রতি স্বাক্ষরিত এ চুক্তির আওতায় ওপেক ফান্ড প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে ঋণ সুবিধা দেবে। ঋণের প্রাথমিক মেয়াদ এক বছর, যা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যাবে।
এই অর্থায়ন প্রাইম ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল সহায়তা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রহমান, ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. আব্দুলহামিদ আলখালিফা উল্লেখ করেছেন, বাংলাদেশের এমএসএমই ও কৃষিভিত্তিক ব্যবসাগুলো কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অনেক প্রতিষ্ঠান এখনও বাণিজ্য অর্থায়নের সীমাবদ্ধতার মুখোমুখি। প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব নতুন সুযোগ সৃষ্টি করবে, রপ্তানি বৈচিত্র্য বাড়াবে এবং দেশের বেসরকারি খাতকে আরও শক্তিশালী করবে। তার ভাষ্য, এই ঋণ দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির প্রতি ওপেক ফান্ডের অঙ্গীকারের প্রতিফলন।
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রহমান বলেছেন, ওপেক ফান্ডের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিন বছর পর্যন্ত বর্ধিতযোগ্য এই ঋণ সুবিধা গ্রাহকদের বাণিজ্য অর্থায়নের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে এ সহযোগিতা বিশেষ তাৎপর্য বহন করে এবং এটি প্রাইম ব্যাংকের সুশাসন, সক্ষমতা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের প্রতি ওপেক ফান্ডের আস্থার প্রতিফলন।




