ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাহ্ ফেস্ট ও সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাহ্ ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী চলবে সীরাহ্ ফেস্ট-২০২৬ এর এই অনুষ্ঠান।
আলোচনা সভা শেষে উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
এ ছাড়া অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর স্বভাব, চরিত্র, আচার-ব্যবহার ও কর্মজীবন সম্পর্কে সবাইকে স্পষ্ট ধারণা অর্জন করতে হবে। মহান আল্লাহতায়ালা কেন তাকে সফল করেছেন এবং তার জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য কী ছিল, তা গভীরভাবে উপলব্ধি করে মানবজীবনে বাস্তবায়ন করা জরুরি।
তারা বলেছেন, নবীজি (সা.) আইয়ামে জাহেলিয়ার অন্ধকার সমাজকে মাত্র ২৩ বছরে এক পরম শান্তিময় ও আদর্শ সমাজে রূপান্তর করেছিলেন। রাসুলুল্লাহ (সা.) ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব ও রাষ্ট্রনায়ক। তার জীবন ও আদর্শ কেবল ধর্মীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়, বরং তা সমগ্র মানবজাতির সার্বিক কল্যাণ, শান্তি ও ন্যায়ের পথিকৃত।
বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও সেমিনার কক্ষের সামনে ইসলামিক বই প্রদর্শনীর আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজনের কনভেনর ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের প্রভাষক ওমর ফারুক তামিম ও মোনায়েম খান। সবশেষে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।



