কালিন্দী নদী সীমান্তে পুশ-ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

সংগৃহীত ছবি
প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
শুক্রবার সকালে কালিন্দী নদীর মধ্যস্থ চরের ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানটি নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর খুরমী বিওপি থেকে দক্ষিণে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে।
বিজিবি জানায়, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে করে ওই এলাকায় আসে। এ সময় তারা ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
খুরমী বিওপির টহলদলের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছান। তারা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঢোকাতে পারেনি। সকাল আনুমানিক ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানিয়েছেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও জানিয়েছেন, পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৭ বিজিবি প্রস্তুত রয়েছে।



