পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির কাফেলার যাত্রা শুরু

সংগৃহীত ছবি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২২ সদস্যের একটি দল পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছে। এ উপলক্ষে ওমরাহ্-২০২৬ পালনের লক্ষ্যে মনোনীত কর্মকর্তা ও সদস্যদের মাঝে ভিসা, বিমানের টিকিট ও বিশেষ উপহারসামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ৩ জন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে ভিসা, টিকিট ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ওমরাহ্ কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য ও নিরাপদ যাত্রা কামনা করেন।
অনুষ্ঠানে মহাপরিচালক উল্লেখ করেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। সব সংস্কারের মূল ভিত্তি হলো মানসিকতার সংস্কার। তাই সবাইকে ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি সফরকালে পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা ও ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি বায়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পবিত্র ভূমিতে দেশ, জাতি এবং বাহিনীর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



