সামিট এলএনজির ৩০০তম শিপ-টু-শিপ গ্যাস স্থানান্তর সম্পন্ন

সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (এসএলএনজি) সফলভাবে ৩০০তম ‘শিপ-টু-শিপ’ (এসটিএস) গ্যাস স্থানান্তরের মাইলফলক অর্জন করেছে। বিশ্বমানের নিরাপত্তা ও পরিচালনগত উৎকর্ষ বজায় রেখে তারা এই সাফল্য পেয়েছে।
২০২৫-২৬ অর্থবছরেই টার্মিনালটি দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করেছে, যা জ্বালানি নিরাপত্তায় অপরিহার্য ভূমিকা রাখছে। ২০১৯ সালের এপ্রিলে কার্যক্রম শুরুর পর থেকে এসএলএনজি মোট ৪ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ২৯৪ ঘনমিটার এলএনজি গ্রহণ করেছে।
জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ৯৪ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৩০৬ এমএমবিটিইউ আরএলএনজি সরবরাহ করেছে তারা। নিরাপদ ও নিরবচ্ছিন্ন কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ সরকার, পেট্রোবাংলা, আরপিজিসিএল, এক্সিলারেট এনার্জি এলপি, পিএসএ মেরিন সিঙ্গাপুরসহ দেশি-বিদেশি সহযোগী, ঋণদাতা এবং এলএনজি সরবরাহকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এসএলএনজি। পাশাপাশি, টার্মিনালটি নিরাপদ ও দক্ষতার সঙ্গে পরিচালনায় কর্মীদের নিষ্ঠা ও পেশাদারিত্বেরও প্রশংসা করেছে কর্তৃপক্ষ।



