ইউনিকো হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা

সংগৃহীত ছবি
দেশে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবার মানোন্নয়ন এবং নার্সিং পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিকো হসপিটাল পিএলসি আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ে উৎকর্ষ অর্জন: জ্ঞান সমৃদ্ধকরণ, দক্ষতা উন্নয়ন এবং জীবন রক্ষা’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিং পেশাজীবীরা অংশ নেন।
কর্মশালার লক্ষ্য ছিল উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আরও সমৃদ্ধ করা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) রেজিস্ট্রার হালিমা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস মিস এলিজাবেথ জোথি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইউনিকো হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকো হসপিটালের চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিকো হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক, কনসালট্যান্ট (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) ডা. উম্মে কুলসুম, কোঅপারেটিভস অ্যান্ড ওয়ার্কপ্লেস ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল (কানাডা)-এর প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশের (সিসিএনএসবি) সভাপতি ড. নাহিদা আখতার। এছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক ও নার্সিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা সিপিআর ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ব্যবস্থাপনা, এন্ডোট্র্যাকিয়াল টিউব (ইটিটি) কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার (বেডসোর) ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের জন্য একটি প্রতিযোগিতামূলক পোস্ট-টেস্ট অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি পোস্ট-টেস্টে সেরা তিনজনকে সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালার মাধ্যমে নার্সিং পেশাজীবীদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি পাবে এবং উন্নত রোগীসেবা নিশ্চিত করা আরও সহজ হবে। এ লক্ষ্যেই ইউনিকো হসপিটাল ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত রাখবে।




