আফ্রিকায় ব্যাংকিং ব্যবস্থা ও পেমেন্ট মেকানিজম জরুরি : ডিসিসিআই সভাপতি

সংগৃহীত ছবি
কার্যকর ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক পেমেন্ট মেকানিজম, ট্রেড ফাইন্যান্স এবং এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টির অভাবের কারণে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সফররত ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়ে কুপোলেইয়ের সঙ্গে অনুষ্ঠিত পৃথক দুটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
ঘানার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, আফ্রিকার দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ ক্রমেই বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে ঘানা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে দুই দেশের বেসরকারি খাতের যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা এবং সরকারি নীতি-সহায়তা অপরিহার্য।
তিনি ঘানার ফিনটেক, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজিটাল ইনোভেশনসহ তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশি উদ্যোক্তাদের সহায়তা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য আমদানির জন্য ঘানাসহ আফ্রিকার উদ্যোক্তাদের প্রতি অনুরোধ জানান।
বাণিজ্য সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করে ঘানার হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো জানান, ঘানার বাজারে বাংলাদেশের পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক, প্যাকেটজাত খাদ্য ও প্লাস্টিক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। অন্যদিকে, ঘানা বিশ্বের অন্যতম স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ (রেয়ার আর্থ মেটেরিয়ালস) উৎপাদনকারী দেশ হওয়ায় বাংলাদেশি উদ্যোক্তাদের সেসব পণ্য আমদানির আহ্বান জানান তিনি।
এছাড়া প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে হাইকমিশনার ঘানা থেকে তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন। দুই দেশের আন্তঃসীমান্ত লেনদেন ও অর্থ পরিশোধের জটিলতা নিরসনে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।



