দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি সই, যেসব সুবিধা পাবে বাংলাদেশ

সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) সই করেছে বাংলাদেশ। এর আওতায় দুই দেশের মধ্যে অনেক পণ্য ও সেবায় অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা মিলবে। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সেপা স্বাক্ষর-পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, এই চুক্তির আওতায় কোরিয়ার বাজারে বাংলাদেশের পোশাক, চামড়া ও পাট জাতীয় পণ্য প্রাধান্য পাবে। আর বাংলাদেশের বাজারে কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, বিভিন্ন যন্ত্রাংশ প্রাধান্য পাবে।
এ চুক্তির আওতায় বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকার শুল্কনীতি ভিত্তিতে সুবিধা পাবে বলে জানিয়েছেন মন্ত্রী। অন্যদিকে ৮৭ শতাংশ পণ্যে সুবিধা পাবে দক্ষিণ কোরিয়া।
একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, এই চুক্তি করতে কোনো তাড়াহুড়ো করেনি সরকার। ‘আমরা এফিশিয়েন্টলি আলোচনা সম্পন্ন করেছি। এটির জন্য সময় দিয়েছি, রাত-দিন পরিশ্রম করেছি। যে কাজ দুই বছরে হতো, সেটা ছয় মাসে করেছি।’
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, সেপা বা আন্তঃদেশীয় বাণিজ্যচুক্তি কোনো গোপন বিষয় নয়, এটা প্রকাশ হবে। আপনারা লাইন বাই লাইন পড়তে পারবেন এবং আমি নিশ্চিত যে আপনারা পড়ার পরে এই ফিডব্যাকটাই পাব যে, তারেক রহমান বাংলাদেশের জন্য একটি ভালো বাণিজ্য চুক্তি করেছেন যার সুফল আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ ভোগ করবে।






