২০৩৫ সালে এলএনজি আমদানি ৭০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস

সংগৃহীত ছবি
বিশ্বের অনেক দেশ যখন আমদানি করা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পথ খুঁজছে, তখন উল্টো পথে হাঁটতে পারে বাংলাদেশ ও পাকিস্তান। নিজস্ব গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় দেশ দুটি ক্রমেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভর হয়ে পড়ছে।
বর্তমান ধারা চললে ২০৩৫ সালের মধ্যে দুই দেশের সম্মিলিত গ্যাস আমদানি এখনকার তুলনায় প্রায় ৭০ শতাংশ বেড়ে ৮০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। এতে অর্থনৈতিক ঝুঁকিও বাড়বে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ওয়ার্ল্ড এনার্জি আউটলুক ২০২৬ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংস্থাটির ‘কারেন্ট পলিসিস সিনারিও’ অনুযায়ী, পরিপক্ব গ্যাসক্ষেত্রের উৎপাদন কমার ঘাটতি এবং বাড়তি চাহিদা সামলাতেই এই আমদানি প্রয়োজন হবে।
এতে বলা হয়েছে, ইরান যুদ্ধসহ নানা বৈশ্বিক সংকটে অনেক দেশ জীবাশ্ম জ্বালানি আমদানি কমাচ্ছে। এর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক বিদ্যুতের দিকে ঝুঁকে পড়ছে। বাংলাদেশও জ্বালানি আমদানি থেকে বেরিয়ে আসার জন্য নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নানামুখী পদক্ষেপ নিয়েছে। তবে একইসাথে দেশটি এলএনজি আমদানির পরিকল্পনাও বাড়াচ্ছে।
আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, হরমুজ সংকট জ্বালানি ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। জ্বালানি খাত ও বৈশ্বিক অর্থনীতি যথেষ্ট সহনশীলতা দেখালেও সংকট যত দীর্ঘ হবে, এর প্রভাব তত গভীর হবে। জ্বালানিবিশ্ব আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো বিশ্বাসযোগ্য পথ দেখা যাচ্ছে না।
বিরোল আরও বলেন, জ্বালানি নিরাপত্তা বাড়াতে গিয়ে কোনো দেশের একটি নির্ভরশীলতার বদলে আরেকটি নির্ভরশীলতায় জড়িয়ে পড়া উচিত নয়। দেশগুলোকে নিজেদের সম্পদ, পরিস্থিতি ও অগ্রাধিকার অনুযায়ী জ্বালানির পথ বেছে নিতে হবে।
আইইএর প্রতিবেদনে আগামী বছরগুলোতে বিশ্ববাজারে এলএনজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে একদিকে আমদানিনির্ভর দেশগুলোর জন্য সরবরাহের নতুন সুযোগ তৈরি হতে পারে, অন্যদিকে দীর্ঘমেয়াদি আমদানিনির্ভরতা ও ভূরাজনৈতিক ঝুঁকি তাদের অর্থনীতির ওপর চাপ বাড়াতে পারে।
আইইএর কারেন্ট পলিসিস সিনারিও (সিপিএস) অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের সম্মিলিত গ্যাস আমদানি বর্তমানের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেড়ে ২০৩৫ সালে ৮০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। গ্যাসের বাড়তি চাহিদা পূরণ এবং পরিপক্ব গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ার ঘাটতি সামাল দিতে এ আমদানি প্রয়োজন হবে।
অন্যদিকে, আইইএর স্টেটেড পলিসিস সিনারিও (এসটিইপিএস) অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে এলএনজি বাণিজ্যের পরিমাণ প্রায় ২৬০ বিলিয়ন ঘনমিটার বাড়তে পারে। এ সময়ে বছরে গড়ে প্রায় ৪ শতাংশ হারে এলএনজি বাণিজ্য বাড়বে। অথচ একই সময়ে বিশ্বে প্রাকৃতিক গ্যাসের সামগ্রিক চাহিদা বৃদ্ধির হার হতে পারে বছরে প্রায় ১ শতাংশ।
এলএনজির বাড়তি চাহিদার প্রায় এক-চতুর্থাংশ তৈরি হবে এমন দেশগুলোতে, যাদের নিজস্ব গ্যাস উৎপাদন কমছে অথবা পাইপলাইনে গ্যাস আমদানি কমে যাচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানসহ কয়েকটি দেশকে এ ঘাটতি পূরণে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হবে।
এশিয়ার বিভিন্ন দেশে এলএনজির চাহিদা বাড়লেও আগামী বছরগুলোতে বিশ্ববাজারে সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে বলে সতর্ক করেছে আইইএ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের নতুন প্রকল্পগুলো থেকে এলএনজি সরবরাহ বাড়বে। এতে ২০৩০ সালের দিকে বিশ্ববাজারে এলএনজির অতিরিক্ত সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
এসটিইপিএস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্ববাজারে এলএনজির অতিরিক্ত সরবরাহের পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন ঘনমিটার হতে পারে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমার চাপ তৈরি হতে পারে। তবে নতুন এলএনজি প্রকল্পে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়েও উৎপাদক ও প্রকল্প উন্নয়নকারীরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।
বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক যুক্তরাষ্ট্রের সরবরাহও বাড়বে। আইইএর সিপিএস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্ববাজারের মোট এলএনজি সরবরাহের প্রায় ৩৫ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসতে পারে।



