স্পিনিং শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিটিএমএ

দেশীয় স্পিনিং শিল্পের বিনিয়োগ ও কর্মসংস্থান সুরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। ১০-৩০ ইংলিশ কাউন্টের তুলার সুতার আমদানিতে প্রচলিত বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখা, ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানি ব্যবস্থা অব্যাহত রাখা এবং স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল রবিবার এক বিবৃতিতে বিটিএমএ জানায়, দেশের প্রাথমিক বস্ত্র খাত বা প্রাইমারি টেক্সটাইল শিল্পে প্রায় ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ, বিস্তৃত উৎপাদন অবকাঠামো ও বিপুল কর্মসংস্থান জড়িত। এ খাতের সক্ষমতা পুনরুদ্ধার করা গেলে বন্ধ ও আংশিক বন্ধ স্পিনিং ও উইভিং মিল চালু করা, কর্মসংস্থান রক্ষা এবং ব্যাংকের ঋণ আদায় বাড়ানো সম্ভব হবে। বিটিএমএর মতে, ১০-৩০ ইংলিশ কাউন্টের তুলার সুতার আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার মানে নতুন শুল্ক আরোপ বা আমদানিনিষিদ্ধ করা নয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ অনুযায়ী, প্রযোজ্য শুল্ক-কর সমপরিমাণ ব্যাংক গ্যারান্টির বিপরীতে এ সুতা আমদানির সুযোগ রয়েছে।



