গ্রামীণ ব্যাংকের বোরো, গরু মোটাতাজাকরণে ঋণ ব্যাহতের শঙ্কা

সংগৃহীত ছবি
দেশের বিদ্যমান পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের ঋণ কার্যক্রম চলমান থাকলেও সাময়িকভাবে বন্ধ কমপক্ষে ২৯টি শাখার গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও তারা সেবা গ্রহণ করতে পারছেন না। একইভাবে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট গ্রাহকরা বাধার সম্মুখীন হচ্ছেন। ফলে প্রতিষ্ঠানটির সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়ে সংঘটিত সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ব্যাংকের সম্পদ ও স্বাভাবিক কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে এসব ঘটনা গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা প্রাপ্তির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এজন্য ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন বলে বাংলাদেশ ব্যাংক আশা করছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, গত ১০ নভেম্বর ২০২৬ থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে গত নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবকাঠামো ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাংকটির স্বাভাবিক ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং অবশিষ্ট ১০ শতাংশ সরকারের। প্রতিষ্ঠানটি দেশের ৬৪টি জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি এবং এর কার্যক্রম দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা।



