টাকা তুলতে পারছেন গ্রাহকরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আবেদন অনুযায়ী গতকাল থেকে অর্থ বিতরণ শুরু হয়েছে- আশিকুর রহমান
সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীন সাবেক এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার মূলত ১ সেপ্টেম্বর আবেদনের চাহিদা অনুযায়ী গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়েছে। আমানতের টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়। গতকাল রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার ব্যবস্থাপক রহিম খান জানালেন, ‘প্রত্যেক গ্রাহককে ফুল ও মিষ্টিমুখ করানো হয়েছে। শাখায় আবেদনকারী গ্রাহকদের টাকা দেওয়া হয়েছে। যারা গত ১ সেপ্টেম্বর আবেদন করেছিলেন, তাদের কাউকে ফেরত দেওয়া হয়নি। কয়েকজনকে ব্যাংক থেকেই ফোন দেওয়া হয়েছে। অন্যদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা এক্সিম ব্যাংকের পল্টন শাখায় গিয়ে গ্রাহকদের কোনো ভিড় লক্ষ করা যায়নি। শাখা কর্মকর্তারা বললেন, ‘আমাদের আজকের দিনে ১৭ জন গ্রাহকের আবেদন ছিল টাকা তোলার, মাত্র দুজন টাকা তুলেছেন।’ তিনি জানালেন, যে দুজন এসেছেন, তাদের পুরো টাকাই পরিশোধ করে দেওয়া হয়েছে।
রাজধানীর নয়াপল্টন শাখায় (সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংক) টাকা তুলতে এসেছিলেন শারমিন জাহান। তিনি জানান ব্যাংকে এসেই জরুরি টাকাটা পেয়েছি। এজন্য ভালো লেগেছে।’





