থাকছে না ইসলামী ব্যাংক ও বেক্সিমকো শেয়ারের ফ্লোর প্রাই

সংগৃহীত ছবি
অবশেষে প্রত্যাহার করা হচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস (শেয়ার দরের সর্বনিম্ন সীমা)। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে দীর্ঘসময় পর এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ সোমবার বিশেষ কমিশন সভা আয়োজন করে এ সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা আসবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
বর্তমানে বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস ১১০.১০ এবং ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস ৩২.৬০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন আগামীর সময়কে বলেছেন, শিগগির দুই কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে। সেটি সোম বা মঙ্গলবারও হতে পারে।
এদিকে গতকাল রবিবার বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। সে বৈঠকে শেয়ারবাজারে কোনো ফ্লোর প্রাইস থাকবে না, শিগগির তা তুলে নেওয়া হবে জানান মাসুদ খান।
ফ্লোর প্রাইস হলো শেয়ারের দামের সর্বনিম্ন সীমা। এর নিচে শেয়ারের দাম নামতে পারবে না। করোনা মহামারির শুরুর পর শেয়ারদর যেন অস্বাভাবিকভাবে কমতে না পারে, এজন্য ফ্লোর প্রাইস আরোপ করে কমিশন। করোনা মহামারীজনিত কারণে বাজারে শেয়ারের অস্বাভাবিক পতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ এ পদক্ষেপ নেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পরে বিভিন্ন মেয়াদে কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। তবে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ওপর আরোপ করা ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়নি, যা সোমবারের বিশেষ কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।




