খসড়া চার্জশিট নিয়ে তথ্য সিআইডির নয়

সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্তসংক্রান্ত সাম্প্রতিক সংবাদ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, খসড়া চার্জশিট বিষয়ে সিআইডি কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমে যে তথ্য দেওয়া হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা দেননি।
গতকাল শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত রিজার্ভ চুরি মামলার তদন্তসংক্রান্ত সংবাদ সিআইডির দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাতে খসড়া চার্জশিট বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা কোনো গণমাধ্যমকে দেননি। অতএব, ওই বক্তব্যগুলো সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মামলাটি তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ সম্ভব নয়। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের পর সিআইডি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হালনাগাদ তথ্য জানাবে।




