স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার আসামি মো. লালন মোল্লা (মাঝে)। ছবি: আগামীর সময়
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে আসামি মো. লালন মোল্লাকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া এসব নিশ্চিত করেছেন।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন সোমবার দুপুর দেড়টার দিকে এ রায় দেন। আসামি লালন উপস্থিত ছিলেন আদালতে। তার বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লায়।
এজাহার সূত্রে জানা গেছে, ওই মহল্লার একটি বাড়িতে স্ত্রী সাজেদা বেগমকে (৪০) নিয়ে ছিল তার সংসার। পাশের একটি ভবনে কেয়ারটেকারের কাজ করতেন। ২০০৪ সালে সাজেদার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।
বিয়ের পর থেকেই মাদক কেনার টাকার জন্য সাজেদাকে চাপ দিতেন লালন। কয়েকবার বাবার বাড়ি যৌতুক এনে তাকে দেন সাজেদা। সবশেষ ৫০ হাজার টাকা চেয়ে না পাওয়ায় ২০২২ সালের ২৩ আগস্ট ভোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করেন লালন। সেদিনই সাজেদার ছোট বোন মাজেদা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
২০২৪ সালের ১১ জানুয়ারি লালনকে একমাত্র অভিযুক্ত আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই জগন্নাথ দাস। এরপর শুরু হয় বিচার।




