কেরাণীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকার কেরাণীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত ডালিয়া আক্তার সুমা কেরাণীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তিনি রসুলপুর এলাকার বাসিন্দা লিয়াকত শিকদারের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন সুমা। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তিনি একাই সেখানে থাকতেন। আজ সকালে ফ্ল্যাটে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রসুলপুর এলাকার বাসিন্দা রেহেনা পারভিন জানান, সুমা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি একটি স্কুলে চাকরি করতেন। নিজ বাসায় তার এমন মৃত্যুর ঘটনা রহস্যজনক। কারও সঙ্গে তার বিরোধ ছিল কি না, তা তিনি জানেন না।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, ফাঁকা বাসায় কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।



