মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
আজ শনিবার ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুরে সীমান্ত পিলার ৬১/১২-আর বরাবর অবস্থিত গেট দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহিদ্রা ক্যাম্পের সদস্যরা। পুশ-ইনের শিকার চারজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
বিজিবির কুসুমপুর বিওপির টহল দল সময়মতো বিষয়টি দেখতে পেয়ে বাংলাদেশে প্রবেশের আগেই তাদের বাধা দেয়। ফলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে চারজন সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি ঘন কলাবাগানের মধ্যে অবস্থান করছেন। বিষয়টি ইতোমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে জানিয়েছে বিজিবি।






