বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ, ‘পালিয়ে যাব না’ বললেন মোস্তাক

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একই এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান বলেন, ‘শহীদ জিয়ার সৈনিক, আমরা পালিয়ে যাব না। দুই-একটি ককটেল বোমা ফুটিয়ে কিংবা ফটকাবাজি করে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের সৈনিকদের পালাতে বাধ্য করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা প্রকাশ্যে আসুন। আপনাদের মোকাবিলা করার জন্য সাধারণ মানুষকে নিয়ে আমরা প্রস্তুত আছি।’
আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পূর্ব কালুরঘাট এলাকায় জড়ো হন। পরে সম্মিলিতভাবে তারা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউছুপ চৌধুরী, বিএনপি নেতা আক্কাস খান, আবদুল করিম, আবুল বশর, আবু সিদ্দিক, কপিল উদ্দিন, সাইফুল ইসলাম, শেখ মনির ও মো. রফিক।
এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, জহিরুল ইসলাম রাসেল, হেলাল উদ্দিন রুবেল, নুরুল আবছার আশিক, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




