গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নানা কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
প্রথমে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরবরাহ করা চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই আন্দোলনভিত্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়।
জোহরের নামাজের পর জেলার বিভিন্ন মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এদিন জেলার সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্রে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।
সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রগুলো শিশুদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। তাদের জন্য বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থাও করা হয়।
শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকায় সজ্জিত করা হয়।
গোপালগঞ্জ শিশু একাডেমি দিবসটি উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও জেলা জামায়াত পৃথক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।







