রংপুর
ওষুধের আড়ালে মাদকের কারবার!

ছবি: আগামীর সময়
ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি তারা। ওষুধের আড়ালে করেন মাদকের কারবার। কিন্তু শেষ রক্ষা হলো না। রংপুরের একটি কুরিয়ার সার্ভিসে আসা ১৬ হাজার অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ আটক করা হয়েছে দুই বিক্রয় প্রতিনিধিকে।
তারা হলেন শরীফ ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক এবং পপুলার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি সাগর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট রংপুরে আনা হয়। তথ্যের ভিত্তিতে নগরীর আরকে রোডের স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ওপর নজরদারি শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল। রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে ১৬ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক আবু জাফর জানালেন, ওষুধের আড়ালে এ ধরনের অবৈধ কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।




