এক ট্রলারে ৮০ মণ ইলিশ, নিলামে বিক্রি ২০ লাখ টাকায়

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে দীর্ঘদিন পর একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ফিরেছে একটি মাছ ধরার ট্রলার। এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটিতে প্রায় ৮০ মণ ইলিশ ধরা পড়েছে। পরে এসব মাছ আলীপুরের সিফাত ফিসে নিলামের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, বাদশা মাঝির নেতৃত্বে ১৮ জন জেলেকে নিয়ে চার দিন আগে গভীর সাগরের উদ্দেশে যাত্রা করে এফবি আব্দুল্লাহ। দুই দিন সাগরে মাছ শিকারের পর পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ইলিশ নিয়ে ট্রলারটি আলীপুর মৎস্য বন্দরে ফিরে আসে।
ট্রলারের মাঝি বাদশা জানান, দীর্ঘদিন ধরে সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ একদিনেই প্রায় ৮০ মণ ইলিশ ধরা পড়ে। তবে অধিকাংশ মাছ আকারে তুলনামূলক ছোট। পরে মাছগুলো প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিছুদিন ধরে সাগরে ইলিশের উপস্থিতি কম ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে ইলিশের পরিমাণ আরও বাড়তে পারে। এতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
আলীপুর-মহিপুর মৎস্য বন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্য অবতরণকেন্দ্র। দীর্ঘদিন পর একটি ট্রলারে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি ইলিশের মৌসুম ঘিরে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।






