নতুন আক্রান্ত ৭৮ রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ৮ জেলায় নতুন করে ৭৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি মৌসুমে এই বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম আল মিরাজ (২৬)। তিনি রংপুরের তারাগঞ্জের বাসিন্দা। ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি গ্রামে ফিরে আসেন। পরে গত ২৬ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ৭৮ জনের মধ্যে রংপুর জেলায় ২১ জন, নীলফামারীতে ১৬, কৃড়িগ্রামে ১১, গাইবান্ধায় ১১, দিনাজপুরে ১০ এবং ঠাকুরগাঁওয়ে ৯ জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৪০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ১৯৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৩ জন।
রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন ও পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



