সরাইল
এক দিনে এক পাগলা কুকুরের কামড়ে আহত ৮

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পাগলা কুকুরের কামড়ে এক দিনে ৮ জন আহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, একটি কালো রঙের পাগলা কুকুর এক দিনে উপজেলার বিভিন্ন গ্রামের ৮ জনকে কামড়ে আহত করে। পরে আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের বাসিন্দা সবিতা রানী দাস (৬০) নামের এক নারী গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্য সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ৭ জন জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
বাকি আহতরা হলেন, উপজেলার তেরকান্দার জাহিদ (১১), চুন্টার ইয়াকুব (১০), নাথপাড়ার রাহিম (৮), সূর্যকান্তির রোহান (১০) ও মারিয়ম (৩০), নোয়াগাঁওয়ের স্বপন এবং কুট্টাপাড়ার শ্রাবণী (১৪)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. আলী আযম রাকিব জানিয়েছেন, কুকুরের কামড়ে বিভিন্ন গ্রামের আহত কয়েকজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, একটি পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে কয়েকজন চিকিৎসা নিয়েছেন।




