মোহনগঞ্জ
অবৈধ জালের গুদামে অভিযান, ব্যবসায়ীকে কারাদণ্ড
মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই লাখ টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আজ রবিবার (৭ জুন) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ অবৈধ এই জালের গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে গুদামের মালিক পলাশ মিয়াকে আটক করা হয়। এ সময় গুদাম থেকে ৫৫টি চায়না দুয়ারি জাল এবং ১০১টি কারেন্ট জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বললেন, আটক পলাশ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।একই সঙ্গে জব্দ করা অবৈধ জাল ধ্বংস করা হয়।




